সুপ্রিম কোর্ট-লাল চাঁদ-newsedge4

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) নৃশংস হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। রিটে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটটি রোববার (১৩ জুলাই ২০২৫) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। শুনানির জন্য সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আিনুন নাহার সিদ্দিকার বেঞ্চে রিটটি উপস্থাপিত হবে।

গত বুধবার (৯ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তাকে বিবস্ত্র করে শরীরে লাফিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি তাদের সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বৃহস্পতিবার (১০ জুলাই) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে: মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), টিটন গাজী (৩২), আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)।

আরও পড়ুন: পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: র‍্যাবের হাতে আরও দুই আসামি গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, লাল চাঁদ হত্যার পেছনে ভাঙারি ব্যবসা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধ মূল কারণ, যদিও প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। মাহমুদুল হাসান মহিনের সঙ্গে লাল চাঁদের ব্যবসায়িক বিরোধ ছিল, এবং মহিন তার দোকান বন্ধ করে দেওয়ার পর উত্তেজনা বাড়ে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং দ্রুত বিচারের জন্য ২০০২ সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ১০ ধারা প্রয়োগ করা হবে।

লাল চাঁদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররা বিক্ষোভ করেছে, দ্রুত বিচার ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *