ঢাকার গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে দর্শনার্থীদের জন্য এটি পরবর্তীতে উন্মুক্ত হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ১৪ জুলাই ২০২৫ গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাদুঘরটি এমনভাবে নির্মিত হচ্ছে যাতে দর্শনার্থীরা জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, আওয়ামী লীগের দুঃশাসন এবং এই বিপ্লবের স্মৃতি উপলব্ধি করতে পারেন।” তিনি আরও জানান, শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করলেও জাদুঘরের লক্ষ্য হলো দর্শনার্থীরা নিজেদের বিবেক দিয়ে তাদের অপরাধের বিচার করতে পারেন।
জাদুঘরটি পরিচালনার জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন করা হবে। এতে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, শহীদদের জামাকাপড়, চিঠি, গুরুত্বপূর্ণ নথিপত্র, পত্রিকার কাটিং, অডিও-ভিডিও এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যসহ বিভিন্ন স্মৃতি সংরক্ষিত হবে। জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ হিসেবে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাবেক পুলিশ প্রধান আল মামুনকে রাজসাক্ষী হওয়ার শর্তে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়। জাদুঘরটি জনগণের বিজয় ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিতে পারে।
জাদুঘরটির কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষক ও লেখক ড. এবাদুর রহমান, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
তথ্যসুত্র: বাসস





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































