বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান রোধে শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রোববার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত সরকার দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন, “দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী চক্র তোমাদের ভোটের অধিকার হরণ করেছিল।”
আরও পড়ুন: জনগণ শক্তিশালী হলে ফ্যাসিবাদ কায়েম সম্ভব নয়: তারেক রহমান
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে। এই নির্বাচন হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে সাড়ে ৩ কোটি ভোটারসহ সকলের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন, যারা গত দেড় দশকে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































