নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুর এলাকায় বুধবার ভোরে একটি মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় সংঘটিত হয়।
নিহতরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) এবং লামিয়া আক্তার (৯)। তারা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা ছিলেন।
নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ১১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালকসহ ৪ জন বের হয়ে যান, এবং বাকি ৭ জনের মৃত্যু হয়। মাইক্রোবাসটিতে ওমানফেরত এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। তারা ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
আরও পড়ুন: মালয়েশিয়ার কুয়ানতানে সড়ক দুর্ঘটনা, ৩ বাংলাদেশি নিহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































