ঢাকার হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকার -newsedge4

রাজধানীর মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ রমনা থানা পুলিশকে বিষয়টি জানায়। প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার (১০ আগস্ট) ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি পার্কিংয়েই ছিল। সোমবার বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিং পরিদর্শনের সময় গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন। কিন্তু ডাকাডাকির পর সাড়া না পেয়ে বুঝতে পারেন তারা মারা গেছেন। এরপর রমনা থানায় খবর দেওয়া হয়।

রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “আমি বাইরে আছি। শুনেছি দুটি মরদেহ পাওয়া গেছে। তবে বিস্তারিত কিছু জানি না। রমনা থানার ওসি ঘটনাস্থলে রয়েছেন।” ঘটনাস্থলে রমনা থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *