বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলের তোড়া হস্তান্তর করেন। এটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, “আপনারা জানেন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয়ভাবে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “শুক্রবার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































