চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই আদেশ জারি করেন। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটার হামলায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ৫০ শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা রামদা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে, যাদের মধ্যে ১০ জনকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একপাশে এবং স্থানীয়রা বিপরীত পাশে অবস্থান নেয়। সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। সশস্ত্র স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































