বিশেষজ্ঞরা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের জন্য ‘সংবিধান আদেশ’ জারির মাধ্যমে এগিয়ে যাওয়ার চূড়ান্ত সুপারিশ করেছেন। এই সংস্কারগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে জাতীয় ঐকমত্য কমিশন এই প্রস্তাব উত্থাপন করে।
কমিশন গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ পায়। বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিশেষজ্ঞরা আরও জানান, এই সংবিধান আদেশ আগামী সাধারণ নির্বাচনের দিনে গণভোটে উপস্থাপন করা যেতে পারে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা সম্ভব। গণভোটে জনগণের অনুমোদন পেলে এই আদেশ প্রণয়নের তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।
আরও পড়ুন: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধার নাম তালিকা থেকে বাদ
এই সুপারিশের মাধ্যমে জুলাই সনদের সংস্কারগুলো জনগণের মতামতের ভিত্তিতে বৈধতা পাবে এবং সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































