দীর্ঘ প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরের অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। এই আয়োজনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আজ জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া, ঐকমত্য গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এই সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজকের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করে শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এবং চূড়ান্ত সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *