তারেক রহমান-tarique rahman-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোনোরকম চাপ প্রয়োগ না করে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, যাকে বিএনপি ‘ডিসেন্ট ওয়ে’ বলে মনে করে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে। সে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকুন। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। একজন বাংলাদেশী হিসেবে এই স্বাধীন বাংলাদেশে আপনার, আমার ও আমাদের সবার অধিকার সমান। ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, বিএনপির কাছে দেশ ও জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এজন্যই আমরা বলি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারাদেশে বিএনপির ৫০ লক্ষ বা তারও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল। ৭০০-এর বেশি নেতাকর্মীকে ঘুম, অপহরণ ও খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালতে বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল। মূল কারণ ছিল দেশে আইনের শাসনের অভাব।

আয়োজক সংগঠনের আহ্বায়ক বাবু সোমনাথ দে-এর সভাপতিত্বে সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিভিন্ন হিন্দু সংগঠন ও মঠ-মন্দিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *