রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে তিনি বলেন, এখানকার অধিকাংশ ভবন নির্মাণবিধি অমান্য করে তৈরি হওয়ায় ভূমিকম্পের সময় যেকোনো সময় বিপর্যয় ঘটতে পারে।
চেয়ারম্যান বলেন, “কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।” তিনি পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ উল্লেখ করে বলেন, “এখানে কোনো প্ল্যান ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি আছে। অথচ এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা করতেছে।”
কম জমিতে পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে নতুন বাড়ি তৈরির পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে। বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক।
আরও পড়ুন: বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে ৩ জন নিহত
প্রসঙ্গত, শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিনজনসহ সারাদেশে মোট ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।
সিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রেকর্ড করেছে। উৎপত্তিস্থল বাইপাইলেই। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড হয়। মাত্রা রিখটার স্কেলে ৩.৩।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































