ভারতীয় নাগরিক সোনালী বিবিকে জোরপূর্বক বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের (মহানন্দা) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক লিখিত বিবৃতিতে এই ঘটনাকে বিএসএফের “অমানবিক পুশইনের” শিকার বলে উল্লেখ করেছেন এবং এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির “সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে বলা হয়: “সাম্প্রতিক সময়ে বিএসএফের পুশইন কার্যক্রম অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের অমানবিক এবং আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত।”
বিজিবি আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে বিএসএফ সীমান্তে সৌহার্দ্যপূর্ণ, মানবিক এবং আইনসম্মত আচরণ বজায় রাখবে। একই সঙ্গে পুশইনসহ সব ধরনের অমানবিক কার্যকলাপ বন্ধের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি স্থাপন
এর আগে সোনালী বিবিকে বিএসএফ সদস্যরা জোর করে সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিজিবি তাকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































