আগামী নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ গড়ার সুযোগ’ হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন পাঁচ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের জন্য। এই দুটো ইভেন্টই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচন আয়োজন করতে পারি, তাহলে এটি স্মরণীয় হয়ে থাকবে।”
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। বৈঠকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটা সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।”
তিনি স্পষ্ট করেন, “আগের নির্বাচনগুলো যেকোনো সুস্থ মানুষ বলবে—এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। এবারের নির্বাচন অন্য দায়িত্বের মতো নয়, এটা ঐতিহাসিক দায়িত্ব।”
ইউএনওদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই সরকার তার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে। আপনারা মাঠ প্রশাসনের মেরুদণ্ড। আপনাদের সততা ও নিষ্ঠাই নির্বাচনকে স্মরণীয় করে তুলবে।”
আরও পড়ুন: নির্বাচনের তফসিল এই সপ্তাহেই ঘোষণা: সিইসি
গণভোটকে ‘শত বছরের ভিত’ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। এটা শুধু একটা ভোট নয়—এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উপহার।”
নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































