গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়।
গত দুদিন ধরে সরকার থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ারের বিশেষজ্ঞ দলের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, “ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল কিন্তু অপরিবর্তিত। আগামীকাল দুপুরে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়া হবে। চিকিৎসক দলসহ সব প্রস্তুতি সম্পন্ন।”
ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
আরও পড়ুন: ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ
গত শুক্রবার বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































