১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সবাই শীত উপেক্ষা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। লাল-সবুজের পতাকা হাতে, মুখে-কপালে পতাকার রং মেখে উচ্ছ্বাসে মেতে উঠেছে হাজারো মানুষ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপরই ফুল হাতে বীরদের শ্রদ্ধা জানানো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে ভিড় বাড়তে থাকে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদের কপালে লাল-সবুজের রং, হাতে জাতীয় পতাকা।
স্মৃতিসৌধে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকের মুখে-হাতে জাতীয় পতাকা ও স্মৃতিসৌধের ছবি আঁকা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়েছেন। সবার কণ্ঠে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়।
আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস বাঙালি জাতিকে দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার চিরন্তন বার্তা স্মরণ করিয়ে দেয়। দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































