পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-newsedge24

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের দেওয়া যেকোনো নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ এখন ভালো ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে ভারতের কোনো নির্দেশনা বা পরামর্শের প্রয়োজন নেই। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের কয়েক ঘণ্টার মধ্যেই এই মন্তব্য করেন তৌহিদ হোসেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে। একইসঙ্গে দেশে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

আরও পড়ুন: নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছর ধরে নির্বাচন নিয়ে ভারতের এমন কোনো বিবৃতি বা উপদেশ আমরা দেখিনি। এখন তাদের দেওয়া নসিহত আমরা মেনে নিতে চাই না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, পাশের দেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও সাক্ষাৎকার নিয়ে দেশে বিতর্ক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *