জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা। শনিবার দুপুর আড়াইটায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।
জানাজার আগে ওসমান হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার পরপরই বক্তব্য রাখেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক বলেন, “শহীদ শরিফ ওসমান হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন, কীভাবে স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।” তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শরিফের একটি ছেলে রয়েছে, যার বয়স মাত্র ৮ মাস। তার জন্মের পর আমাকে বলেছিল, ভাই, ছেলের জন্য একটি নাম নির্বাচন করেন যার মধ্যে বিপ্লবী চেতনা ও সাহসিকতার পরিচয় বহন করবে।” এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের আহ্বান
আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় শাহবাগের দিকে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































