দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মঞ্চ এলাকা ঘিরে হাজার হাজার নেতাকর্মীর উত্তেজনা, আবেগ ও অপেক্ষা যেন উপচে পড়ছে।
বৃহস্পতিবার সকাল থেকে মঞ্চের চারপাশে ব্যারিকেডের বাইরে ভিড় করেছেন নেতাকর্মীরা। অনেকে হাতে ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন পুরো এলাকা। কেউ কেউ মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য, যখন দীর্ঘদিন পর তারেক রহমান স্বদেশের মাটিতে পা রাখবেন।
তারেক রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন এবং সেখানে প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল গণসমাবেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
দলের পক্ষ থেকে এটিকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা হিসেবে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































