দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।
বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বাসে করে পূর্বাচলের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সমাবেশস্থলে পৌঁছানোর পর বিশাল জনসমুদ্রের সামনে মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এর আগে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন তারেক রহমান। হাতে এক মুঠো মাটি নিয়ে তার সুবাস গ্রহণ করেন।
স্বদেশে ফিরে তার প্রথম জনসমক্ষে বক্তব্যের শুরুতেই নিরাপদ বাংলাদেশ গড়ারআহ্বান জানান তিনি।তারেক রহমান বলেন, “একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ এবং একজন শিশু যেই হোক না কেন—নিরাপদে ঘর থেকে বের হয়ে যেন নিরাপদে ফিরতে পারেন।”
আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান
তারেক রহমানের এই বক্তব্যে উপস্থিত লাখো নেতাকর্মী করতালি ও স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থল।
অনুষ্ঠান শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































