বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে তিনি সমাধিস্থলের উদ্দেশে যাত্রা করেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বেলা ২টা ৫৬ মিনিটে দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়। পোস্টে বলা হয়, “মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
লাল-সবুজ রঙে সাজানো বাসেই তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন। আজও বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়িবহর ধীরগতিতে এগোচ্ছে।
এদিকে সকাল থেকেই শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার।
আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ‘বিগত ৫৫ বছরের অবিস্মরণীয় ঘটনা’
জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































