tarique rahman-তারেক রহমান-newsedge24

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মতবিভেদের দিকে যাওয়া যাবে না। তিনি বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, তা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তবে কোনোভাবেই মতবিভেদের দিকে যাওয়া যাবে না।”

শনিবার রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “বিগত শাসনামলে আমার মায়ের সঙ্গে কী হয়েছে, সম্পাদকদের সঙ্গে কী হয়েছে তা আমরা সবাই জানি। কিন্তু, আমাদের কোনোভাবেই ৫ আগস্টের পূর্বে ফিরে যাওয়া যাবে না। হিংসা প্রতিহিংসার পরিণতি কী হতে পারে তা আমরা ৫ আগস্টে দেখেছি।”

দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্ম একটা গাইডেন্স চেয়েছে, আমরা যারা রাজনীতি করি তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সকল প্রত্যাশাই যে পূরণ করতে পারবো সে নিশ্চয়তা কারও পক্ষেই সম্ভব নয়। তবে ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবগুলোকে সামনে রেখে যদি আমরা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো।” তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।”

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *