বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নিয়েছে। এটাই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি সংস্কারের পক্ষের দল। আমরাই সবার আগে সংস্কার চেয়েছি।” তিনি আরও বলেন, “বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন। এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছে। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি।”
বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, “বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার হ্যান্ডেল করছে। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি তাদের নজরে এসেছে। বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































