বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছর ধরে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এজন্যই আমরা স্পষ্ট করে বলছি— দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে অনেককে হারাতে হয়েছে। উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের আড়ালে দেশের সম্পদ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার অবসান ঘটাতে চাই আমরা।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ৫ আগস্ট ২০২৪-এ স্বাধীনতা রক্ষা করা হয়েছে। হাজারো মানুষের জীবনের বিনিময়ে আজ আমরা লাখ লাখ মানুষ একত্রিত হয়ে জমায়েত করতে পারছি। তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি অভিযোগ করে বলেন, যারা পালিয়ে গেছে, যারা ভোট ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে। প্রতিবাদী মানুষদের মামলার পর মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। এর মূল্য তাদের অবশ্যই দিতে হবে।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’-এর অর্ধেক পূরণ হয়েছে। স্বৈরাচার মুক্ত করা হয়েছে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।
তিনি নারীদের জন্য বিএনপির অতীত অবদান তুলে ধরে বলেন, বিএনপি নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। এবার ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। সারাদেশে খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষকদের উন্নয়ন করতে চাই আমরা। ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষ নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।
নির্বাচনী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একই ধরনের ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।
তিনি ধর্মীয় প্রসঙ্গ তুলে বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, সেটা শিরক। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকাবে তা সহজেই অনুমান করা যায়।
আরও পড়ুন: ক্ষমতার মোহ নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান
জেলা সভাপতি এম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতারা বক্তব্য রাখেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































