বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো শহীদের উৎসর্গকে মূল্যায়ন করতে হবে।
আজ শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “যেই অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামের ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এমন হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে—তাদের মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই উৎসর্গকে মূল্যায়ন করতে পারব, একইভাবে তাদের জীবন বিসর্জনকে মূল্যায়িত করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি—সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। সে জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব, ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে, একই সঙ্গে আপনাকে যে দ্বিতীয় ব্যালটটি দেবে ‘হ্যাঁ’ এবং ‘না’-এর, সেখানে দয়া করে ‘হ্যাঁ’-এর পক্ষে আপনারা রায় দেবেন।”
এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রশ্ন করেন, “মনে থাকবে তো?” উপস্থিতরা সমস্বরে সম্মতি জানান।
তারেক রহমান বলেন, “৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ। জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকতে হবে।”
রংপুরের উন্নয়ন পরিকল্পনা
রংপুরকে ‘গরিব অঞ্চল’ বলা হলেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রংপুরকে ঢেলে সাজানো হবে। কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কৃষক ও নারীদের কল্যাণ
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?” জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার সজাগ রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: একটি মহল ষড়যন্ত্র করছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়: তারেক রহমান
জনসভায় বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত হয়।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































