বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে দেশে নেই। তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।
আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্পপার্কে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই-আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই-বোন নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, আবার সেই অধিকারকে কেউ যেন স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিতে না পারে।”
তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, “আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই-বোনেরা, আমরা কি সজাগ আছি?” উপস্থিত জনতা সমস্বরে ‘আছি’ বলে জবাব দিলে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কী পরিকল্পনা গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য, যাতে জনগণ ও দেশ আগামীতে সামনের দিকে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই ও বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপির ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই।”
তিনি আরও বলেন, “কাজেই প্রিয় ভাই ও বোনেরা মানুষ তার ওপর ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করা যায়, যার ওপরে ভরসা করা যায়। মানুষ তার ওপরই ভরসা করে, যে বিপদের সময় তাকে ফেলে পালিয়ে চলে যায়নি এবং এই সৎগুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।”
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল
এর আগে তারেক রহমান বগুড়ায় একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখান থেকে তিনি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ জড়ো হন। ক্রমেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































