বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -newsedge24

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশকে পুনর্গঠন করার নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ হারানো অধিকার ফিরে পাবে এবং দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবে।

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে (সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ) আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি তারেক রহমানের দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসা এবং জনসভায় অংশগ্রহণ।

তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। কিন্তু এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। তিনি বলেন, “এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন।”

ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন:

  • নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান।
  • কৃষকদের জন্য কৃষি কার্ড চালু; সহজে ঋণ, সার ও কীটনাশক প্রাপ্তি।
  • ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ।
  • রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া ঋণ সরকার পরিশোধ করবে।
  • উত্তরাঞ্চলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি।
  • যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা।
  • খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
  • পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা কারখানা ও শিল্প কারখানা চালু।
  • ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, হিমাগার, আইটি পার্ক/হাব, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
  • ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু।
  • হেলথ কেয়ারার নিয়োগ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

তিনি বলেন, “আন্দোলন-সংগ্রাম করেছি, এখন মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। ধানের শীষে ভোট দিয়ে আমাদের সেই সুযোগ দিতে হবে।”

তারেক রহমান আরও বলেন, নির্বাচনী মাঠে শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বললে জনগণের লাভ হয় না। জনগণ জানতে চায়— আমরা তাদের জন্য কী করব। বিএনপি জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে। যোগ্যতা দিয়ে বিচার করা হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

আরও পড়ুন: এবারের নির্বাচনে জালিয়াতির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তুমুল করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ। তিনি হাত নেড়ে সকলকে অভিবাদন জানান।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর যান তারেক রহমান। সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে আসেন। এদিনই দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠ এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *