রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তৎক্ষণাৎ সরিয়ে ফেলার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি অপসারণ করা হয়। একইভাবে রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে—সেগুলোও দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আতিকুর রহমান রুমন আরও জানান, কয়েকদিন আগে বিজয় সরণী সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন জানিয়ে তার ছবি দেখে তখনই অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মোটা চালের দাম বৃদ্ধির খবর শুনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, “গতকাল মোটা চাল—যা প্রান্তিক মানুষের প্রধান খাদ্য—তার খুচরা বাজারে দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থার জন্য নির্দেশ দেন। দেখা গেছে, তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে।”
প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন ও সড়কে যানবাহন চলাচলের গতি সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করায় যানবাহনের গতি বেড়েছে। আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪.৫ কিলোমিটার (পায়ে হাঁটার গতির সমান), কিন্তু এখন তা ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে অফিসে আসেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচিতে কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































