চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের প্রস্তুতি নিচ্ছে সরকার। এদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে—তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।” তিনি জানান, এই তালিকা প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঢাকা মহানগরকে প্রথম লক্ষ্যবস্তু করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা-উপজেলায়ও এই অভিযান চালানো হবে।
মন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। ব্যবসায়ী, দোকানদার, রিকশাচালক, নির্মাণশ্রমিক—সবাই এদের চাঁদাবাজির শিকার হচ্ছেন। এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে—কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সভায় বলেন, রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ নির্মূলের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে তালিকা প্রস্তুতির কাজ দ্রুত এগোচ্ছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































