প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপের বিভিন্ন দেশসহ ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, সুপারিশ অনুসারে প্রয়োজন অনুযায়ী দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর টেবিলে নরসিংদী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশে উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক জোরদার করা হচ্ছে। থাইল্যান্ডে শ্রমবাজার খোলার জন্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ চলছে।
আরও পড়ুন: ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণের বিষয়ে কাজ চলছে বলে জানিয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টা এ মাসের ৮-১১ তারিখ মালয়েশিয়া সফর করেছেন। এ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































