প্রধানমন্ত্রী-তারেক রহমান-পিলখানা হত্যাকাণ্ড -newsedge4

বর্তমান সরকার ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, দক্ষতা, সৃজনশীলতা ও অভিজ্ঞতাই হবে প্রধান বিবেচ্য। তিনি জানান, স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে শূন্য পদ পূরণ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন এবং বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই বাস্তবতায় প্রশাসনকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ও ওয়ান-স্টপ সার্ভিস চালুর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মপ্রবাহ সম্পূর্ণ ডিজিটাল করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক। উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছাতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। নারী ও যুবসমাজকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা এবং পরিবেশ ও জলবায়ু সহনশীলতাকে নীতিনির্ধারণে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ দেড় দশক পর জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “রাষ্ট্রের মালিক জনগণ। তাদের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করাই আপনাদের প্রধান দায়িত্ব।”

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব শুধু একটি পরিবার নয়, বরং পুরো জাতির ওপর পড়তে পারে। তাই প্রতিটি সিদ্ধান্তে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, দক্ষ ও সৎ প্রশাসনের মাধ্যমে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *