প্রধানমন্ত্রী-তারেক রহমান-ফ্যামিলি কার্ড-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করা হবে। একইসঙ্গে নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তাদের সাবলম্বী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-এর ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। সে সময় মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা অবৈতনিক করা হয়। পরে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে আবার ক্ষমতায় এসে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের দল, যা বর্তমানে সরকার পরিচালনা করছে। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।

তারেক রহমান ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও চালু করা হবে।

আরও পড়ুন:  উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নারীরা উচ্চশিক্ষা লাভের আরও বেশি সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *