যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর বহনকারী বিশেষ ফ্লাইটটি যশোর বিমানবন্দর-এ অবতরণ করে। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে শার্শার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান, যা পুরো সফরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেলে দীর্ঘ প্রতীক্ষিত যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয়দের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসাসেবার সুযোগ পাবে।
সফরের শেষ পর্যায়ে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ জেলা আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ জনসভাকে ঘিরে পুরো যশোর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় যশোর সফর; এর আগে তিনি ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































