ঢাকা মহানগর পুলিশের -ডিএমপি-newsedge24

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে রায়েরবাজার থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “রায়েরবাজারে একটি নতুন থানা হতে যাচ্ছে, প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। শিগগিরই এটি পাস করার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বসুন্ধরা এলাকায় (ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের অংশ নিয়ে) ‘বসুন্ধরা থানা’ এবং খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব রয়েছে।

পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আসার পর সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা রয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

সরওয়ার জানান, গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত, ডেমরা, মিরপুর, বছিলা, দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকায় ব্যারাক ও আবাসন সুবিধা বাড়ানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *