ডিএমপি কমিশনার-মোসলেহ উদ্দিন আহমদ-newsedge24

মব কালচারের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ।’ আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।

তিনি জানান, বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের লিডারদেরও তালিকা ধরে ধরে আইনের আওতায় আনা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধেও অভিযান চলছে। থানাকে জনবান্ধব ও সেবামূলক করার নির্দেশ দিয়েছেন কমিশনার। তিনি বলেন, থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশার সিন্ডিকেট নিয়ন্ত্রণে পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উগ্রবাদ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। নিরাপদ নগরী গড়ে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

2 comments on “যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ: ডিএমপি কমিশনার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *