বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারপ্রধানের অনুরোধে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক। এই ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহার করে আমরা প্রমাণ করতে চাই যে, নেতৃত্ব শুধু নীতিতে নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হয়।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন আমাদের প্রতিদিনের বাস্তবতা। তাই টেকসই জ্বালানি এখন শুধু পরিবেশগত দায়িত্ব নয়, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তারও অপরিহার্য অংশ।
আরও পড়ুন: পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজও বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী
তিনি জানান, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে প্রতিদিন গড়ে সাড়ে ৪ থেকে ৫ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন খরচ ব্যাপকভাবে কমায় এটি এখন অর্থনৈতিকভাবেও অত্যন্ত কার্যকর।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































