একদিনের সফরে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি মূলত মৌলভীবাজারকেন্দ্রিক। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শ্রীমঙ্গলে পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না: মির্জা ফখরুল
বিকেলে দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে দ্বিতীয় সফর।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































