যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে অভিহিত করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক কি না, সে বিষয়ে তাদের দলীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।
সোমবার রংপুর টার্মিনালে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি—বিএনপি গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে আমরা সংসদে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছি। একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। জামায়াতের আমীর সাহেব তাদের গঠনতন্ত্র পড়ে দেখুন, তারা গণতান্ত্রিক দল কি না, সেটা তারাই বিবেচনা করবেন।’
সংবিধান অনুযায়ী সময়মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এ সময়ের মধ্যে কৃষি উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বছরের শেষে নয়, আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলে তাদের ‘জ্ঞানের অভাব’ আছে: মির্জা ফখরুল”