ঢাকা, ২১ এপ্রিল ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে দ্বিতীয় দিনের বৈঠক শেষ করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। রোববার জাতীয় সংসদের এলডি হলে বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠক বিকাল ৫টায় সমাপ্ত হয়। বৈঠক শেষে বিএনপি জানায়, একই ব্যক্তির সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হওয়া এবং দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কমিশনের প্রস্তাবে তারা সমর্থন দেয়নি। তবে, টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার শর্তে এক বছরের বিরতির পর পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তারা সম্মত। মঙ্গলবার ফের বৈঠকে বসবে উভয় পক্ষ।
বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না—এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশেও দলীয় প্রধানই সরকার প্রধান হন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা গেলে জনগণ যাদের ক্ষমতায় আনবে, তাদের জনগণের ম্যান্ডেট হিসেবে গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নের প্রস্তাবে বিএনপি একমত। তবে, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার পরিবর্তে এটি উন্মুক্ত রাখার পক্ষে দলটি। সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য সংখ্যার বিষয়ে বিএনপি একমত হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের পরামর্শও দিয়েছে দলটি।
বিএনপি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে সম্মত নয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, এটি প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলবে। দলটি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে। তবে, কমিশনের প্রস্তাবে স্বাধীনতা, সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বিষয়ে বিএনপি একমত। ইন্টারনেট প্রাপ্তিকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও দলটি সম্মত, তবে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছে।
সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বিএনপি কিছু সুপারিশ করেছে। সালাহউদ্দিন বলেন, “অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া এমপিরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন।” নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০-এ উন্নীত করার প্রস্তাবেও সমর্থন দিয়েছে দলটি। তবে, এমপি প্রার্থীর বয়স ২১ নির্ধারণে এখনো ঐক্য হয়নি।
স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত। তবে, এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত না করে আইনের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে দলটি।
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্য সদস্যরা হলেন সালাহউদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু মো. মনিরুজ্জামান খান।
বিএনপি জানায়, সংবিধান সংস্কারের প্রায় সব বিষয়ে আলোচনা শেষ হয়েছে। বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আরও আলোচনার জন্য মঙ্গলবার ফের বৈঠক হবে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































