জাকসু নির্বাচন-newsedge4

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১১,৮১৯ জন, এবং কেন্দ্রীয় সংসদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনটি ভোটকেন্দ্র (২১ নম্বর হল, জাতীয় কবি কাজী নজরুল হল, তাজউদ্দীন হল) পরিদর্শনে দেখা গেছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করছেন। তবে ভোটকেন্দ্রের কাছে লিফলেট বিতরণ নিয়ে কয়েকবার উত্তেজনা সৃষ্টি হলেও নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকরা তা দ্রুত নিয়ন্ত্রণে এনেছেন। ভোটারদের মধ্যে কোনো লাইন নেই, শিক্ষার্থীরা ভোট দিয়ে দ্রুত চলে যাচ্ছেন।

জাকসু নির্বাচনে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচনায় রয়েছেন ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ পরিষদ’ থেকে শেখ সাদী, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে আরিফ উল্লাহ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ থেকে আরিফুজ্জামান উজ্জ্বল এবং ’২৪ আন্দোলনে নেতৃত্বদানকারী ‘স্বতন্ত্র শিক্ষা সম্মিলন’ থেকে আব্দুর রশিদ জিতু।

এ ছাড়া জিএস (জেনারেল সেক্রেটারি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তানজিলা হোসাইন বৈশাখী, ছাত্রশিবির থেকে মাজহার ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আবু তৌহিদ মো. সিয়াম এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ থেকে মো. শাকীল আলী।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোট পেয়েছেন সাদিক-ফরহাদ, কারচুপির অভিযোগ আবিদুলের

নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চললেও প্রার্থীদের সমর্থকদের মধ্যে সামান্য উত্তেজনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে জাকসু নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *