বয়স্ক বন্দীদের মুক্তি বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে এই মেয়াদ ২০ বছর হতে পারে, তবে পুরুষদের জন্য এটি কিছুটা বেশি হবে।” তিনি জানান, এই বিধান আসামির বয়সের ওপর নির্ভর করবে এবং এতে কিছু শর্ত যুক্ত থাকবে। তবে এই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তি-তর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। জনগণ তাদের অভিযোগ যথাযথ চ্যানেলে জানাতে পারে। কোনোভাবেই রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”
আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির মূল হোতা মিঠু গ্রেপ্তার
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তা অবরোধ বরদাশত করবে না। আজকের মধ্যে অবরোধ তুলে না নিলে আইন প্রয়োগ করা হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































