প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন। তিনি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, “কোনো দলের পক্ষে কাজ করবেন না।” আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ এ কথা বলেন তিনি। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাড়ে আটশ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সিইসি জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেবে নির্বাচন কমিশন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আমাদের ওপর রয়েছে। আমরা আইন মেনে, অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থেকে কাজ করব। কোনো বেআইনি নির্দেশনা দেব না, কারও পক্ষে কাজ করার নির্দেশও দেব না।”
কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, “একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আমাদের শপথ রক্ষা আপনাদের ভূমিকার ওপর নির্ভর করছে।” ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “কমিশনের মেরুদণ্ড সোজা। আমরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে সুষ্ঠু নির্বাচন করব।”
ইসি সচিব আখতার আহমেদ জানান, এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ এবং প্রবাসীদের ভোট গ্রহণ এই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ।”
আরও পড়ুন: পিআর পদ্ধতি সংবিধান বা আইনে নেই: সিইসি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশন সচিব, অন্যান্য কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































