রিয়াজ হামিদুল্লাহ-newsedge4

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্য এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকির প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে তাকে তলব করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর মাত্র দুদিন আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে টানাপোড়েন আরও স্পষ্ট হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নিয়েছে ভারত। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের এক অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সেভেন সিস্টার্সকে (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) ভারত থেকে আলাদা করা হবে।” তিনি আরও হুমকি দেন, বাংলাদেশ দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক প্রতিবাদলিপি দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”

আরও পড়ুন: ভারতের নির্বাচনী নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। এর আগে ভারত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়েছিল। অন্যদিকে বাংলাদেশও ভারতের বিভিন্ন পদক্ষেপকে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বলে প্রত্যাখ্যান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *