আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধিত) অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা এই অধ্যাদেশকে আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা পাস হয়।
এর আগে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়। আজ সেই সংশোধনীসহ অধ্যাদেশটি সংসদে পাস হলো। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে, অধ্যাদেশ সংসদে পাস না হলে ৩০ দিন তথা ১২ এপ্রিলের পর তা কার্যকারিতা হারাত। তাই সরকার এটিকে আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়।
গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হয়। সেদিন গঠিত ১৪ সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীসহ আজ বিলটি পাস হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই আইন সন্ত্রাসবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান অটুট থাকবে।
আরও পড়ুন:
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে। নতুন সরকার সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করে সন্ত্রাসবিরোধী আইনকে আরও শক্তিশালী করল। এতে শাস্তির বিধান যুক্ত হয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































