প্রধানমন্ত্রী তারেক রহমান-newsedge24

দেশের জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই জনগণের সমর্থন ও ভালোবাসা যতদিন থাকবে, ততদিন কোনো বাধা-বিপত্তিকে ভয় করবে না বিএনপি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই দেশটাকে একদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

আজ সোমবার সকালে বরিশাল বিভাগের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল অঞ্চলে এটিই তার প্রথম সফর।

অনুষ্ঠানে গৌরনদী এলাকার প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী উপকারভোগী নারীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।’

তিনি জানান, চলতি অর্থবছরে সারাদেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যরা এই কার্ড পাবেন। আগামী পাঁচ বছরে ক্রমান্বয়ে চার কোটি পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন।

বক্তব্যে দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ- এটাই আমাদের রাজনীতি। আমরা দেশে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কোনো ভেদাভেদ নয়, বরং মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।’

সকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন:  ঢাকাকে বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে বের করে আনা জরুরি: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন এবং সেখানে ত্রিশ গোডাউনের বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

2 comments on “জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *