স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা চালানোর সক্ষমতা নেই। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা করার ক্ষমতা নেই।
সাম্প্রতিক বোমা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে উগ্রবাদী তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।
আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে তিনি বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন জামিন দেওয়া হলো তা জানতে বাংলাদেশি আইনজীবী নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































