জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসার পরই এ নির্দেশ এসেছে।
এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রীর তরফে মিষ্টিকে পদত্যাগের নির্দেশের বিষয়টি সামনে এলো।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চলার পর স্বাস্থ্যকেন্দ্রে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরই ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামটি আলোচনায় আসে।
অভিযোগ উঠেছে, বিএনপির স্থানীয় কয়েকজন নেতা ওই সমিতির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা সমিতির সাধারণ সদস্য। ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। কমিশনার থাকাকালীন তিনি ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতিও ছিলেন। তবে বর্তমানে তিনি সমিতির সঙ্গে আর যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।
আরও পড়ুন:
নিউ গিনি প্রপার্টিজ হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার
এ ঘটনা মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে। একটি স্বাস্থ্যকেন্দ্র কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়া এবং পরে সমিতির নামে সাইনবোর্ড টানানো—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































