বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা বিচারকদের বিচার নিশ্চিত করা উচিত। শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নুরেমবার্গ ট্রায়ালে হিটলারের আদালতের বিচারকদের বিচার হয়েছে। শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না? বিচারপতি খায়রুল হক, এনায়েতুর রহিম, আসাদুজ্জামানের মতো বিচারকদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ অগণতান্ত্রিক নিপীড়ন চালানোর সাহস পাবে না।”
অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি বলেন, “নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব কেন? ডিসেম্বর না জুন—এই পেন্ডুলামের দোলাচল স্পষ্ট করুন।” তিনি আরও দাবি করেন, বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অতি দ্রুত নিষ্পত্তি করা উচিত। “আট মাস পরও এই মামলাগুলো আদালতের সেলফে থাকার কথা নয়। আমাদের মাসের পর মাস কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে,” তিনি যোগ করেন।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এবং তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































