সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচন পরিচালনা করেন, যা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
তার একমাত্র কন্যা সিমিন হুদা, যিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী, দেশে ফিরলে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে। বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি
এটিএম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করেন। তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক, পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































