জাতীয়-নির্বাচন-নজরুল ইসলাম খান-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, কেউ কেউ আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “সামনে একটা জাতীয় নির্বাচন আসছে, কেউ কেউ হয়তো পেছানোর চেষ্টা করতেছে। নির্বাচনে আমাদের জনগণের কাছে যেতে হবে। দলকে মর্যাদাবান করতে হবে। তাহলে শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ যদি কোনো নেতা বা কর্মীর আচরণে অসন্তুষ্ট বা ভীতসন্ত্রস্ত হয়, তাহলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে, যা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অসম্মানের কারণ হবে।

তিনি আরও বলেন, “নিজেরা এমন কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দেবেন। না হলে অনভিপ্রেত পরিস্থিতি হতে পারে।” তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তি দল গঠন করে এবং দলই রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে। তাই দল ও দেশের স্বার্থবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি, যা আবদুস সালাম তালুকদারের শিক্ষা হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার পাশে থেকে আবদুস সালাম তালুকদার জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন। তার অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয়। নব্বইয়ের দশকে সামরিক শাসক এরশাদকে পদত্যাগে বাধ্য করার সময় তিনি ছিলেন খালেদা জিয়ার অন্যতম ভরসা।”

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আবদুস সালাম তালুকদারের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *