প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার জন্য ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পদোন্নতি ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির দ্বিতীয় প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। প্রতিবেদন জমার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
সুপারিশকৃত কর্মকর্তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন রয়েছেন। এই কর্মকর্তারা ইতিমধ্যে অবসরে গেছেন। প্রতিবেদন জমার বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে সচিব পদ পর্যন্ত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গত ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদে বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। মোট ৩১৮টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৬৮টি আবেদন কমিটির আওতাবহির্ভূত এবং ৪০টি তথ্যগতভাবে অসম্পূর্ণ ছিল। কমিটি ২১০টি আবেদন পর্যালোচনা করে ৭৮ জনের জন্য পদোন্নতির সুপারিশ করে। এর মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। বাকি ১৩২ জনের ক্ষেত্রে পদোন্নতির সুপারিশ করা হয়নি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































